ই-ক্যাব সদস্যদের আলিবাবা সেলার সাপোর্ট দেবে স্কাইটেক

২১ অক্টোবর, ২০২৩ ১৫:২৩  

ই-ক্যাব সদস্যদের বিশ্বব্যাপী বিটুবি ই-কমার্স প্ল্যাটফর্মে ব্যবসা পরিচালনা ও বৈশ্বিক পরিচিতি প্রদানে সহায়তা করবে বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) কোম্পানি স্কাইটেক সলিউশনস লিমিটেড। আলিবাবা ডট কম এর একটি অনুমোদিত চ্যানেল পার্টনার হিসেবে ই-ক্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোকে আলিবাবা সেলার একাউন্ট খোলা থেকে শুরু করে কপ্লিশন ও ম্যানেজমেন্ট পর্যন্ত সকল ধরণের সেবা দেবে বাক্কো’র সদস্য প্রতিষ্ঠানটি। 

এ লক্ষ্যে বনানীর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) কার্যালয়ে গত ১২ অক্টোবর সংগঠনটির সাথে চুক্তিবদ্ধ স্কাইটেক সলিউশনস। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্কাইটেক সলিউশনস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুসনাদ ই আহমেদ ই-ক্যাব’র মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির কো চেয়ারম্যান হোসনে আরা নূরী নওরিন সমঝোতা চুক্তিতে সই করেন।

এসময় ই-ক্যাব’র মেম্বার অ্যাফেয়ার্স স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আব্দুর রহমান মামুন এবং স্কাইটেক এর সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নাজমুল হোসাইন, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার ফয়াসাল দোলন, ডেপুটি ম্যানেজার কামরুল হাসান নাঈমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।